প্রেমের ফাঁদে ভয়ংকর প্রতারণা! ১৬ বছরের প্রেমিকাকে সোনাগাছিতে ‘বেচে’ দিল যুবক

খাস কলকাতায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। প্রেমের ফাঁদে ফেলে ১৬ বছরের এক কিশোরীকে বাড়ি থেকে নিয়ে এসে সোনাগাছির একটি ঘরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। পুলিশ হেল্পলাইন ও চাইল্ড হেল্পলাইনের মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয় প্রশাসন। বড়বাজার থানার একটি পুলিশের দল অবিলম্বে সোনাগাছি এলাকায় অভিযান চালায় এবং মাত্র এক ঘণ্টার মধ্যে রেড লাইট এরিয়া থেকে ওই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনার বাসিন্দা ওই কিশোরীর সঙ্গে শ্যামনগরের গারুলিয়ার বাসিন্দা শফিকুল মোল্লার প্রেমের সম্পর্ক ছিল। তার সঙ্গেই কিশোরী বাড়ি ছেড়ে কলকাতায় চলে এসেছিল। এরপর সোনাগাছি এলাকার দুর্গাচরণ মিত্র স্ট্রিটের বাসিন্দা সাহারুল লস্করের কাছে তাকে বিক্রি করে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশ শফিকুল মোল্লা এবং সাহারুল লস্কর নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।