হাসিনা কার্ড খেললে কি চিরতরে শেষ হবে বন্ধুত্বের সম্পর্ক? নয়াদিল্লিকে সরাসরি কড়া বার্তা দিল ঢাকা!

ভারতের মাটিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা ও সাংবাদিক বৈঠক ঘিরে দ্বিপাক্ষিক সম্পর্কে তীব্র চাপানউতর শুরু হয়েছে। গত বুধবার দিল্লিতে এই ঘটনার পর থেকেই দিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরম আকার ধারণ করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দিলে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে ঢাকা। ভারতের পক্ষ থেকে বারবার এই বিষয়ে সরকারের কোনো ভূমিকা নেই বলে দাবি করা হলেও, তাতে সন্তুষ্ট নয় বাংলাদেশ।
ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতেই সাময়িক আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। তবে সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড ও আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের বিদেশ মন্ত্রক তীব্র হতাশা প্রকাশ করেছে এবং তাঁর প্রত্যর্পণের দাবি তুলেছে। অন্যদিকে, নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে যে এই ধরনের বেসরকারি আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই এবং ওই মঞ্চের বক্তব্য তারা সমর্থন করে না। তা সত্ত্বেও দুই দেশের কূটনৈতিক মহলে এই নিয়ে জল্পনা ও অস্বস্তি বেড়েই চলেছে।