স্বাস্থ্য পরিষেবায় বড় ধাক্কা! বাগনান ২ ব্লকে ৭ কোটির ব্যয়ে তৈরি হচ্ছে ১০টি নতুন আয়ুষ্মান আরোগ্য মন্দির!

কেন্দ্রীয় সরকারের অর্থায়নে এবং ডবল ইঞ্জিনের সরকারের তৎপরতায় অবশেষে স্বাস্থ্য পরিষেবায় বড় পদক্ষেপ করা হলো হাওড়ার বাগনান ২ ব্লকে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় সাধারণ মানুষকে উন্নত ও বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিতে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে মোট ১০টি নতুন আয়ুষ্মান আরোগ্য মন্দির নির্মাণ করা হবে। চন্দনাপাড়া, মুগকল্যাণ, রবিভাগ, ছয়ানি গুজরাত, খানজাদাপুর, হাল্যান, ওড়ফুলি, দেউলটি, মতিমালা এবং গুনানন্দপুর—এই সমস্ত নির্দিষ্ট এলাকায় ইতিমধ্যেই জমি চিহ্নিতকরণের কাজ সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হবে।
আগে ‘ভারত স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র’ নামে পরিচিত এই কেন্দ্রগুলিতে জরুরি প্রাথমিক চিকিৎসা ছাড়াও গর্ভবতী মা ও শিশুদের বিশেষ যত্ন, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। পূর্বতন সরকারের বিরোধিতার জেরে অতীতে এই প্রকল্প রাজ্যে বাস্তবায়িত না হওয়ায় সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছিলেন বলে অভিযোগ ছিল। তবে বর্তমান প্রশাসনের উদ্যোগে এই ব্লকজুড়ে নতুন স্বাস্থ্য কেন্দ্রগুলি গড়ে ওঠায় স্থানীয় গ্রামীণ এলাকার মানুষ উপকৃত হবেন। বিজেপির রাজ্য এগজিকিউটিভ কমিটির সদস্য অনুপম মল্লিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এই কাজ শুরু হচ্ছে এবং চলতি সপ্তাহেই মুগকল্যাণ ও চন্দনাপাড়ায় এর নির্মাণকাজ শুরু হবে।