অভয়া দিবসে আসানসোল জেলা হাসপাতালে নীরবতা পালন, স্বরচিত কবিতা পাঠ মন্ত্রী অগ্নিমিত্রার

অভয়া দিবসে আসানসোল জেলা হাসপাতালে নীরবতা পালন, স্বরচিত কবিতা পাঠ মন্ত্রী অগ্নিমিত্রার

২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের দুই বছর পূর্তিতে রবিবার রাজ্যজুড়ে পালিত হলো ‘অভয়া দিবস’। সরকারি নির্দেশিকা মেনে রাজ্যের সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকালে আয়োজিত হয় বিশেষ স্মরণ কর্মসূচি।

এই উপলক্ষে আসানসোল জেলা হাসপাতালের কনফারেন্স হলে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টায় মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে দুই মিনিটের নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অন্যান্য চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নীরবতা পালনের পর তিনি নিজের লেখা একটি কবিতা পাঠ করে নিহত চিকিৎসককে শ্রদ্ধা জানান। ঘটনার পর অভয়ার পরিবারের সঙ্গে দেখা করার অভিজ্ঞতার কথাও পুনর্বার স্মরণ করেন মন্ত্রী।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে অগ্নিমিত্রা পাল বলেন, “স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্য একটি নিরাপদ কর্ম পরিবেশ গড়ে তোলা সরকারের প্রধান দায়িত্ব।” ভবিষ্যতে যেন কোনো স্বাস্থ্যকর্মীকে এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষণা অনুযায়ী, এদিন সকাল ১১টায় আরজি কর মেডিকেল কলেজসহ রাজ্যের প্রতিটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, আরজি কর-কাণ্ডের তদন্ত নিয়ে রাজ্য সরকারের নতুন তৎপরতার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানান, ঘটনার দিন যাঁরা আরজি করে উপস্থিত ছিলেন এবং সিসিটিভি ফুটেজে যাঁদের দেখা গিয়েছিল, প্রয়োজনে তাঁদের সকলকে নতুন করে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া, নিহত চিকিৎসকের স্মরণে বিজেপি বিধায়ক রত্না দেবনাথের আয়োজিত একটি বিশেষ বিকেলে স্মরণানুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *