সুবোধ সিংয়ের খাস তালুকে বড় নাশকতার ছক! পুলিশের জালে দুই দুষ্কৃতী, উদ্ধার অস্ত্র ও লক্ষাধিক নগদ টাকা

সুবোধ সিংয়ের খাস তালুকে বড় নাশকতার ছক! পুলিশের জালে দুই দুষ্কৃতী, উদ্ধার অস্ত্র ও লক্ষাধিক নগদ টাকা

বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংয়ের নেটওয়ার্কে বড় ধাক্কা দিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে জয়বিন্দ চৌধুরী ও আফসার আলী নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের তল্লাশি করে একটি ৭ এমএম পিস্তল, একটি ওয়ান শটার বন্দুক এবং এক লক্ষ টাকারও বেশি নগদ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতে ওই দুই দুষ্কৃতী ঠিক কী উদ্দেশ্যে এলাকায় জড়ো হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। বড় ধরনের কোনো অপরাধমূলক বা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে ধৃতদের দফায় দফায় জেরা করা হচ্ছে।

উল্লেখ্য, অতীতে ব্যারাকপুরে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো এবং বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যা সহ রাজ্যের একাধিক চাঞ্চল্যকর অপরাধমূলক ঘটনায় কুখ্যাত সুবোধ সিংয়ের নাম জড়িয়েছিল। অভিযোগ রয়েছে, বিহারের জেলে বন্দি থেকেই সে বাংলায় ডাকাতি, তোলাবাজি এবং খুনের মতো অপরাধের ছক কষত। ইতিপূর্বে তাকে গ্রেপ্তার করে বাংলার পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে জেলবন্দি সেই গ্যাংস্টারের দুই ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ পুলিশের জালে ধরা পড়ায় রাজ্যজুড়ে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বড় কোনো ছিনতাই বা ডাকাতির উদ্দেশ্যেই তারা একত্রিত হয়েছিল কি না, তা নিশ্চিত করতে তদন্ত প্রক্রিয়া জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *