পরনিন্দার দাম মাত্র ৩০০ টাকা! গসিপ বিক্রি করে কীভাবে জোড়া বাড়ির মালিক হলেন ৬৭ বছরের বৃদ্ধা?

পাড়ায় কে কোথায় যাচ্ছে বা কার ব্যক্তিগত জীবনে কী চলছে, সেই কৌতূহল মেটাতে আড্ডার আসরে কাকিমা-জেঠিমাদের জুড়ি মেলা ভার। তবে এই পরনিন্দা-পরচর্চাকেই পেশা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন কলম্বিয়ার আর্মেনিয়া শহরের বাসিন্দা ৬৭ বছরের মিরিয়ম। অবসর জীবনের একঘেয়েমি কাটাতে তিনি এলাকার মানুষের গসিপ বা গোপন খবর বিক্রি করার অভিনব ব্যবসা শুরু করেন। স্থানীয় বাসিন্দারাও তাদর কৌতূহল মেটাতে সানন্দে টাকা দিতে রাজি হয়ে যান এবং মিরিয়মের কাছে গোপন তথ্য সংগ্রহ করতে ভিড় জমান।
ব্যবসায় সফল হতে মিরিয়ম গুরুত্ব অনুযায়ী প্রতি তথ্যের জন্য ৫০০০ থেকে ১০০০০ কলম্বিয়ান পেসো বা ভারতীয় মুদ্রায় ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত চার্জ করতে শুরু করেন। তিনি সবসময় সঙ্গে একটি নোটবুক রাখেন এবং বিভিন্ন জায়গা থেকে তথ্য আড়ি পেতে শুনে তা টুকে রাখেন। এরপর সঠিক সময়ে চড়া দামে সেই তথ্য বিক্রি করেন, যার মধ্যে পরকীয়ার গল্প থেকে আয় হয়েছে সবথেকে বেশি। এভাবে মাত্র কয়েক বছরের এই অদ্ভুত ব্যবসা করে তিনি মোটা অর্থ উপার্জন করেছেন এবং বর্তমানে জোড়া বাড়ির মালকিন হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন।