জেএনইউতে উমর খালিদের বই নিয়ে চরম উত্তেজনা, শেষ মুহূর্তে বাতিল আলোচিত অনুষ্ঠান!

দিল্লি দাঙ্গায় উসকানি মামলার জেরে বর্তমানে কারাবন্দী প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের লেখা বই ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিস’ নিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা শেষ মুহূর্তে বাতিল করেছে কর্তৃপক্ষ। আদিবাসী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই উন্মুক্ত অনুষ্ঠানটি আগামী ১০ আগস্ট এসএসএস-১ অডিটোরিয়ামে হওয়ার কথা ছিল। তবে অডিটোরিয়াম বুকিংয়ের সময় জমা দেওয়া ফর্মে প্রস্তাবিত অনুষ্ঠান সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য ও আসল উদ্দেশ্য খোলসা করা হয়নি বলে অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জয়েন্ট রেজিস্ট্রারের জারি করা এবং স্কুল অব সোশাল সায়েন্সেসের ডিনের অনুমোদিত এক নোটিসে অনুষ্ঠান বাতিলের এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
এই ঘটনায় ক্যাম্পাসের পড়ুয়াদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে এবং তারা বাকস্বাধীনতা খর্ব করার অভিযোগ তুলেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। নির্ধারিত ওই অনুষ্ঠানে অধ্যাপক প্রভু মহাপাত্র, উমা চক্রবর্তী, শুদ্ধব্রত সেনগুপ্ত, হর্ষ মন্দার ও বনজ্যোৎস্না লাহিড়ীর মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা ছিল। ঝাড়খণ্ডের সিংভূম অঞ্চলের আদিবাসী উপজাতিদের ইতিহাস নিয়ে উমর খালিদের পিএইচডি থিসিসের ওপর আধারিত এই বইয়ের আলোচনা সভা ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার জেরে বিশ্ববিদ্যালয় চত্বরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক দানা বেঁধেছে।