৪০ হাজার কোটি টাকার আর্থিক তছরুপ মামলা, আরকম ও শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিট ইডির

রিলায়েন্স কমিউনিকেশনস (RCom) এবং তার সহযোগী সংস্থাগুলির বিরুদ্ধে কোটি কোটি টাকার ব্যাংক জালিয়াতি ও আর্থিক তছরুপের তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সম্প্রতি নয়াদিল্লির রাউজ অ্যাভিনিউয়ের বিশেষ পিএমএলএ (PMLA) আদালতে এই মামলায় একটি সম্পূরক অভিযোগপত্র (Supplementary Charge Sheet) দাখিল করেছে ইডি।
উল্লেখ্য, ব্যাংকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সিবিআই প্রথম এফআইআর দায়ের করেছিল। সেই সূত্র ধরেই এই অর্থ পাচারের তদন্তে নামে ইডি এবং গত ২৭ মার্চ এই মামলার মূল অভিযোগপত্র জমা দেওয়া হয়েছিল।
কারা অভিযুক্ত?
ইডি সূত্রে জানা গেছে, নতুন এই অভিযোগপত্রে রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড ও রিলায়েন্স টেলিকম লিমিটেড-এর পাশাপাশি সংস্থার শীর্ষ আধিকারিক গৌতম ভাইলাল দোশি, সতীশ শেঠ এবং অমিতাভ ঝুনঝুনওয়ালার মতো প্রভাবশালী ব্যক্তিবর্গের নাম যুক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পিএমএলএ (PMLA) আইনের অধীনে শাস্তিমূলক পদক্ষেপের সুপারিশ করা হয়েছে।
ইডির তদন্তে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে:
- ব্যাংক ঋণের অপব্যবহার: আরকম ও তার সহযোগী সংস্থাগুলি ব্যাংক থেকে নির্দিষ্ট কাজের জন্য ঋণ নিয়ে তা অন্য খাতে ব্যবহার করেছে। পুরনো দেশীয় ও বিদেশি দেনা মেটাতে জালিয়াতির মাধ্যমে টাকা ঘোরানো বা ‘এভারগ্রিনিং’ (Evergreening) করা হয়েছিল।
- তহবিল তছরুপ ও অর্থ পাচার: বিভিন্ন মধ্যস্থতাকারী সংস্থা ও মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ঘুরিয়ে কোটি কোটি টাকা পাচার করা হয়। বৈধ ব্যবসায়িক খরচ দেখিয়ে বাস্তবে বন্ড (FCCB) ও বিদেশি ঋণের (ECB) দায় মেটানো হয়েছিল।
- গ্রুপ কো ম্পা নিতে টাকা স্থানান্তর: ২০০৭ সাল থেকেই এই জালিয়াতি চলছে বলে ইডি জানিয়েছে। ঋণের টাকা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার ও রিলায়েন্স ক্যাপিটালের মতো গ্রুপ সংস্থায় পাঠানো হতো। এমনকি কো ম্পা নির ভুয়া মুনাফা দেখাতে এবং প্রোমোটারদের বিদেশে ব্যক্তিগত সম্পত্তি কেনা ও ঋণ শোধেও এই টাকা ব্যবহার করা হয়েছে।
অপরাধলব্ধ অর্থের হিসাব: ইডির দাবি অনুযায়ী, এই পুরো জালিয়াতিতে মোট অপরাধলব্ধ অর্থের পরিমাণ ৪০,১৮৫.৫৫ কোটি টাকা। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের বন্ড মেটাতে ব্যর্থ হওয়া টাকাও এই অংকের মধ্যে রয়েছে। পাশাপাশি, এফসিসিবি-র মাধ্যমে সংগৃহীত প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার তছরুপে অভিযুক্তদের ঠিক কী ভূমিকা ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।