সিআইডি ট্র্যাপে অভিষেকের PA! গ্রেফতারি এড়াতে এবার হাইকোর্টে ‘রক্ষাকবচ’-এর আর্জি সুমিত রায়ের

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক (PA) সুমিত রায় সিআইডির টানা জিজ্ঞাসাবাদের মুখে পড়ে এবার গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ভবানীভবনে ইতিমধ্যেই দু’বার হাজিরা দেওয়ার পর, নতুন মামলায় আইনি ‘রক্ষাকবচ’ চেয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। আদালত তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।
তবে, সুমিতের আইনজীবী অয়ন ভট্টাচার্য এই মামলাটিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার সঙ্গে যুক্ত করে শোনার আর্জি জানালেও, বিচারপতি তা খারিজ করে স্পষ্ট জানান—দুটি মামলা আলাদাভাবেই শোনা হবে। আদালতে সুমিতের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট ইতিপূর্বে তাঁকে আইনি সুরক্ষা দিয়েছে।
উল্লেখ্য, শালবনী জমি কেলেঙ্কারি ও চাকরি দুর্নীতির মতো একাধিক অভিযোগে প্রায় দু’মাস আত্মগোপনে থাকার পর সম্প্রতি নাটকীয়ভাবে সিআইডি দফতরে হাজিরা দিতে শুরু করেন সুমিত রায়। প্রথম দিনের দীর্ঘ জেরা শেষে তিনি সোজা ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে যান। সিআইডির ক্রমবর্ধমান চাপ এবং একের পর এক নতুন মামলার জাঁতাকলে পড়ে এখন নিজেকে বাঁচাতে মরিয়া এই তৃণমূল ঘনিষ্ঠ। মঙ্গলবার হাইকোর্ট তাঁকে রক্ষাকবচ দেয় কি না, সেদিকেই নজর সব মহলের।