‘ওটা ঘুষ, এটা সাহায্য?’ ১০ লক্ষ টাকা নিয়ে শুভেন্দুকে নিশানা কুণালের

পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মী বিরজু কোয়েটের পরিবারকে ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবারে হালিশহরে এই কর্মসূচি সম্পন্ন হওয়ার পরই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। শুভেন্দুর এই মানবিক পদক্ষেপকে সমর্থন জানালেও, তাঁর দ্বিমুখী নীতি ও অতীত প্রসঙ্গ টেনে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় করা তাঁর একটি পোস্টে উঠে এসেছে অতীতের আরজি কর কাণ্ডের প্রসঙ্গ, যা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
তৃণমূল নেতার প্রশ্ন, হালিশহরে এই সাহায্য প্রদান যদি সঠিক হয়, তবে অতীতে ঠিক একই কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন কুৎসা ও প্রতিবাদের ঝড় তোলা হয়েছিল? সেসময় এই আর্থিক সহায়তাকে ‘ঘুষ’ ও মুখ বন্ধের কৌশল বলে কটাক্ষ করা হয়েছিল বলে দাবি তাঁর। কুণাল ঘোষের স্পষ্ট বার্তা, প্রাণের ক্ষতিপূরণ কোনোভাবেই টাকায় হয় না, তবে সরকারের নির্দিষ্ট নিয়ম ও দায়িত্ব থাকে। বিরোধী শিবিরের এমন আচরণের তীব্র সমালোচনা করে তিনি বলেন, আজ বর্তমান মুখ্যমন্ত্রী নিজে এই সাহায্য দেওয়ায় তা স্বাভাবিক মনে হলেও অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে এর তীব্র বিরোধিতা করা হয়েছিল।