বেতন বাড়বে সরকারি কর্মীদের! নবান্নে বড় সিদ্ধান্ত সপ্তম পে কমিশনের

রাজ্য সরকারি কর্মীদের বেতন ও সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়ে এবার সরাসরি পরামর্শ নেওয়া শুরু করল সপ্তম বেতন কমিশন। সোমবার নবান্নে কমিশনের প্রথম বৈঠকে গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ রাখতে একটি বিশেষ ওয়েবসাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমেই মিলবে কমিশনের কাজকর্মের যাবতীয় তথ্য এবং মতামত জানানোর সুযোগ। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় কমিশনকে ঘিরে নানা বিভ্রান্তিকর নথি ছড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানানো হয়েছে, সবেমাত্র কাজ শুরু হয়েছে এবং এখনও কোনও সুপারিশ বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মূলত ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে নতুন বেতন কাঠামো তৈরি এবং কেন্দ্রীয় কাঠামোর সঙ্গে রাজ্য কর্মীদের বেতনের সামঞ্জস্য বিধানের বিষয়টি খতিয়ে দেখছে কমিশন। ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে পাঁচ সদস্যের একটি পরিবারকে ভিত্তি হিসেবে ধরে এগোচ্ছে পাঁচ সদস্যের এই কমিটি। তথ্য সংগ্রহ, স্মারকলিপি গ্রহণ এবং বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্ধারিত ওয়েবসাইটটি চালু হলে সরকারি কর্মীরা আরও সহজে নিজেদের মতামত ও পরামর্শ সরাসরি কমিশনে পাঠাতে পারবেন।