আসাম সীমান্তে জমির দখল ঘিরে রক্তাক্ত সংঘর্ষ! গুলির লড়াইয়ে আহত ১২!

আসাম-অরুণাচল প্রদেশ সীমান্তে জমি দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার ধেমাজি জেলার গোগামুখ এলাকার মিংমাং বস্তি অঞ্চলে দুই পক্ষের বিবাদ চরম আকার ধারণ করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অরুণাচল প্রদেশের দিক থেকে আসা দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে আসামের অন্তত বারোজন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য আসাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার জেরে বর্তমানে সংবেদনশীল সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরেই দুই রাজ্যের মাঝে ৮০৪ কিলোমিটার দীর্ঘ সীমানার প্রায় ১,২০০টি স্থান নিয়ে বিরোধ চলে আসছে। পরিস্থিতি সামাল দিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দ্রুত পদক্ষেপ করেছেন এবং অরুণাচল সরকারের সঙ্গে আলোচনার দায়িত্ব শিক্ষামন্ত্রী রণোজ পেগুকে অর্পণ করা হয়েছে। পাশাপাশি দুই রাজ্যের মুখ্যসচিব ও শীর্ষ পুলিশ কর্তারা যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। অতীতে নামসাই ঘোষণা এবং শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও সম্পূর্ণ বিরোধ এখনও মেটেনি। বর্তমানে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করলেও সীমান্তবর্তী এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।