ভিটেমাটি নেই, মাথার উপর স্রেফ ত্রিপল! জাতীয় সোনা জিতে তাঁবুতেই ফিরলেন তরুণী

গলায় জাতীয় মঞ্চে জেতা সোনার পদক, অথচ উদযাপনের জন্য নেই ছাদটুকুও! ভয়ংকর বন্যায় ভিটেমাটি ভেসে যাওয়ার পর বাঁধে ত্রিপলের ছাউনিতেই দিন কাটছে আসামের জোরহাটের বছর সতেরোর ক্যারাটে খেলোয়াড় জনমনি কোঁয়ারের। নয়াদিল্লিতে অনুষ্ঠিত জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জিতে সোমবার নিজের এই নড়বড়ে আস্তানাতেই ফিরেছেন দ্বাদশ শ্রেণির এই ছাত্রী। মাছ চাষের ভেড়ি ও মোষ বিক্রি করে মেয়ের দিল্লি যাওয়ার খরচ জোগাড় করেছিল পরিবার। কিন্তু গত ১৯ জুলাইয়ের সর্বগ্রাসী বন্যা তাদের সমস্ত স্বপ্ন ধুলোয় মিশিয়ে দেয়।
চরম আর্থিক সংকটের মাঝেও ত্রিপলের নীচে বসেই নিয়মিত অনুশীলন চালিয়ে যান জনমনি। তাঁর এই অদম্য জেদ দেখে ত্রাতার ভূমিকায় এগিয়ে আসেন ‘ফিজিক্সওয়ালা’-র প্রতিষ্ঠাতা অলখ পাণ্ডে। তিনি তরুণীর দিল্লি যাওয়া-আসা, থাকার ব্যবস্থার পাশাপাশি তিন লক্ষ টাকা আর্থিক সাহায্য করেন। পাশাপাশি, বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটাও ১০ হাজার টাকা দিয়ে সাহায্য করেন। সমস্ত প্রতিকূলতা জয় করে অর্জিত এই সোনা জয়কে সঙ্গী করেই নিজের ক্যারাটে কেরিয়ার আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর জনমনি।