জলের সংকট বাড়ছে বিশ্বজুড়ে! মিষ্টি জলের তালিকায় ভারতের অবস্থান জানলে চমকে যাবেন!

পৃথিবীর মাত্র তিন শতাংশ জল পান ও ব্যবহারের উপযোগী, যার বড় অংশই জমা রয়েছে নির্দিষ্ট কিছু দেশের ভূখণ্ডে। বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের ভান্ডার নিয়ে তালিকার শীর্ষস্থান দখল করেছে ব্রাজিল, যেখানে সঞ্চিত রয়েছে প্রায় ১ লক্ষ ৯৯ হাজার ৯১৬ টিএমসি জল। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রাশিয়া ও কানাডা। এছাড়া আমেরিকা, চিন এবং কলম্বিয়ার মতো দেশগুলোও বিপুল পরিমাণ প্রাকৃতিক জলাধারের অধিকারী।
অন্যদিকে, বিশ্বের মোট জনসংখ্যার আঠারো শতাংশ বসবাস করলেও ভারতের ভাগ্যে জুটেছে মাত্র চার শতাংশ মিষ্টি জল, যা দেশকে নিয়ে এসেছে নবম স্থানে। ৫১ হাজার ৬৫ টিএমসি জলের ভান্ডার থাকা সত্ত্বেও অতিরিক্ত ভূগর্ভস্থ জলের ব্যবহার ও নদী দূষণের কারণে আগামী দিনে তীব্র সংকটের মুখে পড়তে চলেছে দেশ। বিশেষজ্ঞদের মতে, জল সুরক্ষা নিশ্চিত করতে এখনই বৃষ্টির জল সংরক্ষণ এবং সঠিক ব্যবস্থাপনার দিকে নজর দেওয়া জরুরি।