হাজার হাজার শূন্যপদে চাকরির সুযোগ! পিএসসির হাত ধরে বড় পরিবর্তনের পথে রাজ্যের নিয়োগ ব্যবস্থা!

রাজ্যে কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি করে পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন দপ্তরে প্রায় আট হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ করতে ইউপিএসসির মডেলে পরিকাঠামো ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নিয়োগকারী সংস্থাগুলির গুরুত্বপূর্ণ বৈঠকের পরই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অনিল বর্মা জানান, এখন থেকে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং কো-অপারেটিভ সার্ভিস কমিশনের অধীনস্থ সমস্ত নিয়োগের দায়িত্বও সামলাবে পিএসসি। গ্রুপ এ, বি ও সি মিলিয়ে রাজ্যে মোট ১৭ হাজার ৭১৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে প্রথম ধাপে প্রায় আট হাজার নতুন পদে নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই জারি করা হবে। চাকরিপ্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ বয়সের ছাড়ের সুবিধা পাবেন।
নিয়োগ ব্যবস্থায় গতি আনতে এবং পরীক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভ দূর করতে বিশেষ নির্দেশ দিয়েছে রাজ্য। এখন থেকে পরীক্ষার ফলাফল প্রকাশে আর দেরি করা হবে না এবং বার্ষিক পরীক্ষার ক্যালেন্ডার কঠোরভাবে মেনে চলা হবে। আটকে থাকা পরীক্ষাগুলিও দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা করা হচ্ছে। পিএসসির নতুন চেয়ারম্যান অনিল বর্মার নিয়োগের মধ্য দিয়ে রাজ্যে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে মেধার ভিত্তিতে চাকরি পাবে যোগ্য প্রার্থীরা, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।