বনগাঁয় ধৃত পাক নাগরিক! আইএসআই-এর হয়ে রেল ও সেনার গোপন তথ্য পাচারের মারাত্মক অভিযোগে তোলপাড় রাজ্য!

বনগাঁয় ধৃত পাক নাগরিক! আইএসআই-এর হয়ে রেল ও সেনার গোপন তথ্য পাচারের মারাত্মক অভিযোগে তোলপাড় রাজ্য!

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা বনগাঁ থেকে জঙ্গি সন্দেহে রানা রাউত নামের এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ওয়াহাব আলম নামে জাল নথি তৈরি করে সে দীর্ঘ দিন ধরে ভারতে বসবাস করছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, আদতে পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা এই ব্যক্তি ২০১২ সালে নেপাল হয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে এবং বাংলায় আস্তানা গড়ে তোলে। ভারতীয় রেল ও সেনার বিভিন্ন গুরুত্বপূর্ণ গতিবিধির ওপর নজর রেখে সেই সংবেদনশীল তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর কাছে পাচার করত সে। কলকাতার তপসিয়ার এক ব্যক্তির সহায়তায় সে জাল ভারতীয় নথি সংগ্রহ করেছিল, যাকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে।

সম্প্রতি এক সহযোগীর গ্রেফতারির পর বাংলাদেশ সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার ছক কষছিল রানা। গোপন সূত্রে এই খবর পেয়ে এসটিএফ বুধবার ভোরে বনগাঁয় অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। এদিকে, সম্প্রতি এসটিএফের জালে ধরা পড়া জৈশ-ই-মহম্মদ সদস্য হামিম মণ্ডলের সঙ্গে এই চক্রের কোনো সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাকিস্তানের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ এবং হান্ট্র্যাপের মতো ঘটনায় এই চক্রের অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *