সচিবের নাম ভাঙিয়ে অভিনব প্রতারণা! নড়েচড়ে বসল কলকাতা পুলিশ

রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব সৌমিত্র মোহনের নাম এবং ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়া অ্যাকাউন্ট খোলার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। প্রতারকরা সেই অ্যাকাউন্ট থেকে দাবি করে, সচিবের এক সিআরপিএফ আধিকারিক বন্ধু বদলি হয়ে চলে যাচ্ছেন এবং তাঁর সমস্ত আসবাবপত্র অত্যন্ত কম মূল্যে বিক্রি করা হবে। এই ফাঁদ পেতে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। বিষয়টি নজরে আসতেই আইএএস অফিসার সৌমিত্র মোহন লালবাজারের সাইবার শাখায় অভিযোগ জানান।
ঘটনাটি সম্পূর্ণ ভুয়া বলে স্পষ্ট জানিয়ে তিনি দ্রুত পদক্ষেপ করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে কলকাতা পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই জালিয়াতি চক্রের মূল হোতার লোকেশন রাজস্থানের আলোয়ার জেলায়। এর আগেও এই অঞ্চল থেকে এমন ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। অতীতে ধৃত অপরাধীরা জামিনে মুক্ত হয়ে ফের এই কাণ্ডে জড়িয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।