মুম্বইয়ে পাহাড় ধসে মর্মান্তিক মৃত্যু! ঘুমন্ত বস্তির ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটি, ধ্বংসস্তূপে আটকে বহু

বুধবার ভোররাতে মুম্বইয়ের ঘাটকোপরের চিরাগ নগর এলাকায় এক ভয়াবহ ভূমিধসের ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পাহাড় কেটে গড়ে ওঠা বস্তির ওপর আচমকাই পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়লে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কয়েকটি কাঁচা ঘর। ঘুমন্ত মানুষের ওপর মাটি ও পাথরের বিশাল স্তূপ নেমে আসায় প্রাণ হারিয়েছেন অন্তত দু’জন। এই আকস্মিক দুর্যোগে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনী এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। উদ্ধারকর্মীরা দ্রুত তৎপরতা চালিয়ে সাহিল আনসারি ও মহম্মদ সামির নামের দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এছাড়া এই ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের আশঙ্কা, এখনও ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন। পরিস্থিতি মোকাবিলায় ফায়ার ব্রিগেড এটিকে ‘লেভেল-২’ জরুরি অবস্থা ঘোষণা করে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে।