নবান্নে রিভিউ মিটিং থেকে বিজেপিতে ‘ঝাড়াই-বাছাই’, ১০০ দিনের মাথায় ফের বঙ্গে অমিত শাহ

গত ৪ মে পশ্চিমবঙ্গে তৃণমূল শাসনের ইতি টেনে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। দেখতে দেখতে সেই নতুন প্রশাসনের পথচলার ১০০ দিন পূর্ণ হতে চলেছে আগামী ১৯ অগস্ট। সরকারের এই বিশেষ মাইলফলক স্পর্শ করার মুখে আবারও তিনদিনের বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২০ অগস্ট তাঁর রাজ্যে পা রাখার কথা রয়েছে।
সূত্র অনুযায়ী, ২১ ও ২২ অগস্ট অমিত শাহের একাধিক সরকারি ও দলীয় কর্মসূচি নির্ধারিত রয়েছে। তিনি রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করবেন এবং নবান্নে আয়োজিত একটি প্রশাসনিক পর্যালচনা সভাতেও যোগ দিতে পারেন। এই সফরকালে সরকারের গত ১০০ দিনের উন্নয়নমূলক কাজ ও প্রশাসনিক অগ্রগতির গতিপ্রকৃতি খতিয়ে দেখাই তাঁর মূল উদ্দেশ্য।
তবে কেবল প্রশাসনিক বৈঠকই নয়, বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ রাজনীতির নিরিখেও শাহের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দলে শৃঙ্খলা বজায় রাখা এবং ‘বেনোজল’ ছাঁটাইয়ের ওপর জোর দেওয়া হয়েছে। তোলাবাজি ও শৃঙ্খলাভঙ্গের দায়ে ইতিমধ্যেই প্রায় আড়াইশো কর্মীকে সাসপেন্ড করা হলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফলে অস্বস্তিতে পড়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
অভিযোগ উঠেছে, তৃণমূল স্তর পর্যন্ত দলবিরোধী কাজ রুখতে যে জেলা সভাপতিদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁদের অনেকেই ব্যর্থ হয়েছেন। তাই এবার জেলা স্তরে বড়সড় রদবদলের পথে হাঁটতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, খুব শীঘ্রই ১২ জনেরও বেশি জেলা সভাপতিকে পদ থেকে সরানো হতে পারে। এই রকম একটি সংবেদনশীল পরিস্থিতিতে রাজ্য বিজেপির কোর কমিটি ও বর্ধিত কমিটির বৈঠকে অমিত শাহের উপস্থিতি বাংলার রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে।