এনআরএস হাসপাতালে নার্সের রহস্যজনক মৃত্যু! শৌচালয় থেকে উদ্ধার দেহ, জোর চাঞ্চল্য রাজ্যজুড়ে

এনআরএস হাসপাতালে নার্সের রহস্যজনক মৃত্যু! শৌচালয় থেকে উদ্ধার দেহ, জোর চাঞ্চল্য রাজ্যজুড়ে

কলকাতার নীলরতন সরকার বা এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউ শৌচালয় থেকে এক নার্সের রহস্যজনক দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। গত বুধবার রাতের শিফটে ডিউটি করার সময় নার্সিং স্টেশনের কাজ সেরে ফেন্টানিল ওষুধের তিনটি ভায়াল নিয়ে শৌচালয়ে প্রবেশ করেন ওই নার্স। দীর্ঘক্ষণ ধরে তাঁর কোনো সাড়াশব্দ না মেলায় সহকর্মীদের মনে সন্দেহের দানা বাঁধে। অবশেষে রাত সাড়ে দশটা নাগাদ জোর করে শৌচালয়ের দরজা ভেঙে তাঁর অচৈতন্য দেহ উদ্ধার করেন হাসপাতালের কর্মীরা। তড়িঘড়ি চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

হাসপাতাল সূত্রে প্রাথমিক অনুমান করা হচ্ছে, কনুইয়ের সন্ধিস্থলের শিরায় অতিরিক্ত বা ভুল ইনজেকশন প্রয়োগ করার ফলেই এই আকস্মিক মৃত্যু ঘটে থাকতে পারে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। তবে একের পর এক সরকারি হাসপাতালে এই ধরনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য পরিকাঠামো, নিরাপত্তা এবং নজরদারি ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *