কচ্ছথিবুর কাছে শ্রীলঙ্কার নৌবাহিনীর বড় পদক্ষেপ! আটক ৯ ভারতীয় মৎস্যজীবী, উদ্বেগে বহু পরিবার

আন্তর্জাতিক সামুদ্রিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে রামেশ্বরমের ৯ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। অভিযোগ, কচ্ছথিবু দ্বীপের কাছে মাছ ধরার সময় তাঁরা জলসীমা অতিক্রম করেন। গত ১২ আগস্ট রামেশ্বরম বন্দর থেকে রওনা হওয়া ২৯৭টি ট্রলারে থাকা দলটির অংশ ছিলেন এই মৎস্যজীবীরা। ঘটনার পর তাঁদের একটি নৌকা বাজেয়াপ্ত করে জিজ্ঞাসাবাদের জন্য থালাইমান্নারের নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে, ৬ আগস্ট যান্ত্রিক ত্রুটির কারণে ভাসতে ভাসতে শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়া আরও ১১ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। এই পরিস্থিতিতে আটক মৎস্যজীবীদের দ্রুত মুক্তি এবং মানবিক কারণে তাঁদের ফেরাতে কূটনৈতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ মানিকম ট্যাগের। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে দেওয়া চিঠিতে তিনি যান্ত্রিক গোলযোগের মতো অনিচ্ছাকৃত ঘটনায় একটি নির্দিষ্ট দ্বিপাক্ষিক প্রোটোকল তৈরির আর্জিও জানান।