সংসদ উত্তাল, মোদিকে নিয়ে চরম বিতর্কিত স্লোগান! শেষদিনেও নিষ্ফলা লোকসভা!

কার্যত নিষ্ফলা ভাবেই শেষ হয়ে গেল সংসদের বাদল অধিবেশন। বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দেওয়ার কথা থাকলেও বিরোধীদের হট্টগোলে তা সম্ভব হয়নি। রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী শিবিরের লাগাতার বিক্ষোভের জেরে গোটা অধিবেশনের ৮০ শতাংশের বেশি কাজের সময় নষ্ট হয়েছে। স্পিকার ওম বিড়লা পরিস্থিতি সামাল দিতে জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর পুরো অংশ বাজিয়ে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সরকার অবশ্য ১৯টি বিল পাশ করিয়ে নিয়েছে।
অধিবেশনের শেষ দিনেও রাজনৈতিক উত্তাপের কমতি ছিল না। সংসদের ভেতরে তোলপাড়ের পাশাপাশি বাইরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে বিতর্কিত স্লোগান তোলেন কংগ্রেস ও সমাজবাদী পার্টির কয়েকজন সাংসদ। বাদল অধিবেশনের শুরু থেকেই নিত্যদিন সংসদে এসে বিভিন্ন ইস্যুতে সরব হওয়া এবং অধিবেশন পণ্ড করার যে রুটিন বিরোধীরা বজায় রেখেছিল, তা শেষ দিন পর্যন্ত অব্যাহত ছিল। ফলে গুরুত্বপূর্ণ একাধিক বিষয় নিয়ে আলোচনা ছাড়াই সমাপ্তি ঘটল এই সংসদের অধিবেশনের।