বঙ্গোপসাগরে নিম্নচাপের তান্ডব! জেলায় জেলায় অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি!

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার কিছু অংশে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতা সহ আশপাশের এলাকায় কমলা সতর্কতা রয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকায় উপকূল অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, ফলে আগামী ১৫ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে নামার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাসহ বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিভারী বৃষ্টির জেরে নিচু এলাকা জলমগ্ন হওয়া এবং কাঁচা রাস্তার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাধারণ মানুষকে নিরাপদে থাকতে এবং খোলা মাঠ বা বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।