গ্রেপ্তারির খাঁড়া থেকে বাঁচলেন অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়!

সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শীর্ষ আদালত তাঁর গ্রেপ্তারির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল রাখায় আপাতত আইনি স্বস্তিতে তিনি। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার। টানা জেরা ও আইনি লড়াইয়ের মুখে আদালতের এই রায় স্বস্তি এনে দিয়েছে তাঁর অনুগামীদের মাঝে।
গত সাত দিন ধরে কলকাতার ভবানী ভবনে নিয়মিত হাজিরা দিয়ে তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করছেন সুমিত রায়। তবে কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা আদালতে জানিয়েছেন, সুমিত আদৌ পুরোপুরি সহযোগিতা করছেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। উল্লেখ্য, শালবনির জমি দুর্নীতি এবং নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহের অভিযোগে নাম জড়ানোর পর থেকেই আইনি লড়াইয়ে নামেন তিনি। মেদিনীপুর আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে এই রক্ষাকবচ অর্জন করেছিলেন তিনি।