স্কুল-বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে যুক্ত হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বড় ঘোষণা রাজ্যের!

রাজ্যের পাঠ্যক্রমে এবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে চলেছে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বর্ণময় জীবন ও কর্ম! আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরের সিলেবাসে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড এবং পশ্চিমবঙ্গ গঠনে ঐতিহাসিক ভূমিকার গুরুত্বপূর্ণ অধ্যায় অন্তর্ভুক্ত করার বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নবান্নে আয়োজিত এক বিশেষ উচ্চপর্যায়ের বৈঠকে এই ঘোষণা করা হয়। নতুন প্রজন্মের কাছে তাঁর আত্মত্যাগ, আদর্শ ও অবদানের সঠিক ইতিহাস তুলে ধরার উদ্দেশ্যেই এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির পাশাপাশি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে একাধিক প্রকাশনা প্রকল্প ও স্মারক তৈরির উদ্যোগও হাতে নেওয়া হয়েছে। হুগলিতে তাঁর পৈতৃক বাড়িতে একটি আধুনিক পাঠাগার এবং ইকো পার্কে একটি মূর্তি স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া, সাধারণ মানুষ ও গবেষকদের মূল্যবান মতামত সংগ্রহে একটি বিশেষ ডিজিটাল পোর্টাল চালুর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট দফতর। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই পূর্ণাঙ্গ বই প্রকাশের কাজ চলতি বছরের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।