ছাত্রছাত্রী আর আমার মাঝের ব্যাপার, বার কাউন্সিলের ভূমিকায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি!

ছাত্রছাত্রী আর আমার মাঝের ব্যাপার, বার কাউন্সিলের ভূমিকায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি!

নালসার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (বিসিআই) ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্ট জানান, পড়ুয়াদের প্রতিবাদ করার অধিকার রয়েছে এবং এটি তাঁর ও ছাত্রছাত্রীদের মধ্যেকার নিজস্ব বিষয়। নালসার-এর ২০২৬ সালের স্নাতকদের একাংশ সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি করার বিরোধিতায় আপত্তি জানালে, বিসিআই চেয়ারম্যান সংশ্লিষ্ট পড়ুয়াদের আইনজীবী হিসেবে নথিভুক্ত না করার নির্দেশ দিয়েছিলেন। দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে বিসিআই সেই বিতর্কিত নির্দেশিকা প্রত্যাহার করে নেয়।

তবে নির্দেশিকা প্রত্যাহার করা হলেও বার কাউন্সিলের এই অপ্রয়োজনীয় হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ সাফ জানিয়ে দেয় যে, নালসার-এর পড়ুয়া বা অধ্যাপকদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে না বার কাউন্সিল। এই বিষয়ে বিসিআই-এর কোনো করণীয় নেই বলেও মৌখিক পর্যবেক্ষণে জানানো হয়। আদালতের কড়া অবস্থানের পর বার কাউন্সিলের আইনজীবী জানান যে পূর্ববর্তী নির্দেশিকা তুলে নেওয়া হয়েছে। দুই সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *