নিকাশি নালা চুরি করে বিক্রি! প্রাক্তন কাউন্সিলরের কণ্ডে এখন জলবন্দি হাওড়ার নামী স্কুল

হাওড়ার লিলুয়া ভারতীয় হাইস্কুলে জল জমার নিকাশি সমস্যাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলের প্রধান শিক্ষকের বিস্ফোরক অভিযোগ, প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া সদর তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্র স্কুলের প্রধান জল নিকাশি নালাটি চুরি করে বিক্রি করে দিয়েছেন। তৎকালীন সময়ে এর প্রতিবাদ করায় মেলে হুমকি। বর্তমানে সামান্য বৃষ্টিতেই স্কুল চত্বরে জল জমে এক অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। জলযন্ত্রণা এবং ভাঙাচোরা ভবনের বেহাল দশার কারণে ঐতিহ্যবাহী এই স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যাও আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে। পঠন-পাঠনের পরিবেশ ফিরিয়ে আনতে নিকাশি নালা পুনঃসংস্কারের জন্য প্রশাসনের কাছে কাতর আবেদন জানিয়েছেন প্রধান শিক্ষক।
অন্যদিক, এই ঘটনার সত্যতা ও গুরুত্ব বিচারে তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন। বেহাল অবস্থা থেকে স্কুলকে মুক্ত করতে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন বালির বিধায়ক সঞ্জয় সিং। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো ধরনের দুর্নীতির সঙ্গে আপস করা হবে না এবং দ্রুত নিকাশি নালা পুনর্নির্মাণ করে আগের পরিকাঠামো ফিরিয়ে আনা হবে। বিধায়কের এই প্রতিশ্রুতিতে দ্রুত সমস্যা সমাধানের আশা করছেন স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকেরা।