পাঁচ বছর পর দেখে নেব! প্রিজন ভ্যানে দাঁড়িয়ে পুলিশকে হুমকি ধৃত তৃণমূল নেতার

পাঁচ বছর পর দেখে নেব! প্রিজন ভ্যানে দাঁড়িয়ে পুলিশকে হুমকি ধৃত তৃণমূল নেতার

মালদহের রতুয়ায় সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন স্থানীয় তৃণমূল নেতা শ্রবণ কুমার দাস। তিনি সামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান সদস্য এবং স্থানীয় এক বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত। এক ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে রতুয়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। শুক্রবার চাঁচল মহকুমা আদালতে পেশ করার সময় প্রিজন ভ্যানে ওঠার মুহূর্তে পুলিশকে লক্ষ্য করে তিনি প্রকাশ্যেই হুঁশিয়ারি দিয়ে বলেন, “পাঁচ বছর পর দেখে নেব।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নেতার বিরুদ্ধে তোলাবাজি ছাড়াও জমি দখলের গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগকারী ঠিকাদার ওয়াসীম আকরামের দাবি, সরকারি কাজের নামে টাকা নেওয়ার পর কাজ দেওয়া হয়নি এবং টাকা ফেরত চাইতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তবে সমস্ত অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে ধৃত নেতা সরকার পরিবর্তনের কথা উল্লেখ করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ তদন্তের স্বার্থে পাঁচ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *