এক কোটি টাকা না দেওয়ায় কাজ বন্ধ! প্রাক্তন তৃণমূল নেতার বিরুদ্ধে ফের বিস্ফোরক চার্জশিট পুলিশের

কোটি টাকার তোলাবাজি মামলায় বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আরও একটি আইনি পদক্ষেপ করল পুলিশ। ভিআইপি রোডের ধারে একটি খাবারের দোকান ভাঙার পর লোহা সরানোর কাজের বরাত পাওয়া এক ব্যবসায়ীর কাছে এক কোটি টাকা দাবির অভিযোগে বাগুইআটি থানার পুলিশ বারাসাত আদালতে ২৫৬ পাতার একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে। এই নতুন চার্জশিট দাখিলের ফলে দেবরাজের বিরুদ্ধে মোট দশটি মামলায় অভিযোগপত্র জমা দিল পুলিশ।
পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, দাবিমতো টাকা না মেলায় ওই ব্যবসায়ীর নির্মাণকাজ জোরপূর্বক বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন তৃণমূল নেতা দেবরাজ। সেই সময় ভয়ে কেউ মুখ না খুললেও, অন্য একটি দুর্নীতি মামলায় দেবরাজ গ্রেপ্তার হওয়ার পর ওই ব্যবসায়ী সাহস সঞ্চয় করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও সমস্ত তোলাবাজির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দেবরাজ। পুলিশ ঘটনার তদন্ত সম্পন্ন করে আদালতে নথি ও তথ্য প্রমাণসহ এই চার্জশিট পেশ করেছে।