বিপদজনক অস্বাস্থ্যকর পরিবেশ! ব্লিঙ্কিট, জ়েপ্টো ও ইনস্টামার্টের একাধিক কেন্দ্রে লাইসেন্স বাতিল করলো এফডিএ

মহারাষ্ট্রে খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)-এর কমিশনার পদে আইএএস কর্তা তুকারাম মুন্ঢে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে কঠোর নজরদারি। খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি মারাত্মকভাবে লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি মহারাষ্ট্রজুড়ে ৮৬টি প্রতিষ্ঠানে ঝোড়ো অভিযান চালায় এফডিএ। এই তল্লাশিতে ব্লিঙ্কিট, জ়েপ্টো এবং ইনস্টামার্টের মতো নামী ‘কুইক-কমার্স’ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ১৪টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করা হয়েছে। পাশাপাশি পরিদর্শনের সময় বিভিন্ন ত্রুটি মেটাতে ৬০টি কেন্দ্রকে শোকজ নোটিস পাঠানো হয়েছে এবং মুম্বইয়ের ফিল্ম সিটিতে অবস্থিত ‘বলিউড ক্যাফে’-সহ একটি কেন্দ্রের কাজ সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তে ধরা পড়েছে চরম গাফিলতির ছবি। ঘাটকোপার, বান্দ্রা ও পুণের মতো এলাকার হাবগুলিতে চিলার রুমের অনিয়ন্ত্রিত তাপমাত্রা, ৪০ জনের বেশি কর্মীর স্বাস্থ্যপরীক্ষার নথির অভাব এবং টুপি বা গ্লাভস না পরে কাজ করার প্রমাণ পাওয়া গেছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, খাদ্যসামগ্রী সংরক্ষণের জায়গায় ইঁদুরের মল, গিরগিটি ও আরশোলার উপস্থিতি এবং মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির মতো মারাত্মক অভিযোগ উঠে এসেছে। এমনকি বেশ কিছু সংবেদনশীল পণ্যের প্যাকেটের পাশে বর্জ্য জমে থাকার নজিরও মিলেছে। ফলে জনস্বাস্থ্য সুরক্ষায় চরম অবহেলার দায়ে ‘খাদ্য নিরাপত্তা ও মানদণ্ড আইন’-এর অধীনে কঠোর আইনি পদক্ষেপ হাতে নিয়েছে প্রশাসন।