স্বাধীনতা দিবসে চাঞ্চল্য! বাংলা থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, বাংলাদেশ হয়ে সিম পাচার পাকিস্তানে!

স্বাধীনতা দিবসের দিনেই পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ-এর বড়সড় সাফল্যে চাঞ্চল্য ছড়িয়েছে। কোচবিহারের সাহেবগঞ্জ এলাকা থেকে পাক গুপ্তচর সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম রশিদুল হক, নূর নাসিরুদ্দিন আলি এবং শফিকুল ইসলাম। এদের মধ্যে শফিকুল বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা। প্রাথমিক তদন্তে এসটিএফ জানতে পেরেছে যে, ধৃতরা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করছিল। পাশাপাশি জাল নোট কারবার ও চোরাচালানের সঙ্গেও তাদের সরাসরি যোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুয়ো নথির সাহায্যে তোলা ভারতীয় সিম কার্ডগুলো বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার করা হতো। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বসে আইএসআই এজেন্টরা এই সিম ব্যবহার করে হানিট্রাপের জাল পাতত। মূলত সোশ্যাল মিডিয়ায় মহিলাদের ছবি ব্যবহার করে ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ তৈরি করা এবং দেশের গোপন তথ্য হাতানোর জন্যই এই সিমগুলো ব্যবহৃত হতো। বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তে এই চক্রের জাল ছড়ানো থাকতে পারে বলে আশঙ্কা করছেন তদন্তকারীরা। ঘটনার নেপথ্যে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে এসটিএফ।