পেন্ডুলামের মতো দুলল রাস্তা! ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভয়াল ভূমিকম্পে ফুঁসে উঠল সমুদ্র, মৃত বেড়ে ২০!

শনিবার ভোরে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে ৭.৭ মাত্রার এই জোরালো ভূমিকম্পের জেরে পেন্ডুলামের মতো দুলতে থাকে রাস্তা ও সেতু। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, পূর্ব নুসা তেনগারা প্রদেশের এন্দে শহরের উত্তর-পশ্চিমে আঘাত হানা এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে সামান্য গভীরে। স্থানীয় সময় অনুযায়ী ভোর চারটে আটান্ন মিনিটে প্রথম কম্পন অনুভূত হয় এবং তা প্রায় এক মিনিট ধরে স্থায়ী হয়। আচমকা এই বিপর্যয়ে মুহূর্তের মধ্যে একাধিক বহুতল ও ঘরবাড়ি ধুলোয় মিশে যায়। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ।
এই প্রলয়ংকরী ভূমিকম্পের পরেই উপকূলবর্তী অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয় এবং সমুদ্রের বিভিন্ন প্রান্তে তিন ফুট পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ে। যদিও পরবর্তীতে সেই সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তবুও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। সরকারি ও স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে কুড়ি জনের প্রাণহানির খবর মিলেছে এবং আহত হয়েছেন অনেকেই। মূল কম্পনের পর একাধিক আফটারশক অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকাজ জোরকদমে চালানো হচ্ছে।
🚨 The earthquake in Indonesia was magnitude 7.7. For many people, the early morning began with disaster. 🇮🇩#Indonesia #Earthquake #BreakingNews #EarthquakeAlert pic.twitter.com/c4edaQnCEh
— Mahrosh Pervaiz (@MahroshPervaiz1) August 15, 2026