বড়সড় জঙ্গি ছক বানচাল! আফগানিস্তানে হামলার গোপন প্ল্যান ভেস্তে দিল পুলিশ, বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার যুবক

পাক সেনার ওপর হামলা চালানো এবং দেশে নাশকতার বড়সড় ষড়যন্ত্রের অভিযোগে বেঙ্গালুরু থেকে আসাফুল মল্লিক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের মূল বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায়। পুলিশ সূত্রে খবর, ২০২৫ সালের ডিসেম্বর থেকে তিনি বেঙ্গালুরুর জিগানি এলাকার একটি কো ম্পা নিতে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। রুটিন পেট্রোলিংয়ের সময় সন্দেহজনক অনলাইন গতিবিধি এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসূত্র খুঁজে পাওয়ায় তাঁকে আটক করে জেরা শুরু করা হয়।
পুলিশি জেরায় জানা গেছে, পাকিস্তানে মুসলিমদের পরিস্থিতি এবং ইজরায়েল-প্যালেস্তাইন ইস্যুতে পাক ভূমিকা নিয়ে চরম ক্ষুব্ধ ছিলেন আসাফুল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আফগানিস্তানের বাসিন্দা ও তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (TTP) সদস্য ইমরান হায়দারের সঙ্গে তাঁর যোগাযোগ গড়ে ওঠে। ইমরানের সহায়তায় আফগানিস্তান যাওয়ার জন্য ভিসার আবেদন করলেও আর্থিক জটিলতায় সেই পরিকল্পনা আটকে যায়। তদন্তে আসাফুল ও ইমরানের চ্যাট ও ভয়েস কল উদ্ধার করা হয়েছে, যা থেকে স্পষ্ট যে তাঁকে ভারতেও নাশকতামূলক হামলা চালানোর জন্য ক্রমাগত উসকানি দেওয়া হচ্ছিল।