পহেলগাঁও হামলার খবর পেয়েই মোদি কী বলেছিলেন! ফাঁস হলো ডোভালের বিস্ফোরক তথ্য

স্মরণাতীত কালের অন্যতম ভয়াবহ পহেলগাঁও জঙ্গি হামলার দেড় বছর পর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গত বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের বৈসরন উপত্যকায় নৃশংস ওই হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনা গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছিল। সেই সময় সৌদি আরব সফরে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খবরটি পাওয়া মাত্রই নিজের সফর কাটছাঁট করে ভারতে ফিরে আসেন। বিমানবন্দরে পা রেখেই তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সরাসরি জরুরি বৈঠকে মিলিত হন এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ নেন।
ডোভাল এক সাক্ষাৎকারে জানান, বিমানবন্দরে নেমেই প্রধানমন্ত্রী সবার আগে জানতে চেয়েছিলেন এই নৃশংস হামলার নেপথ্যে কারা রয়েছে। অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। এর পরেই ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ শুরু করে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এই সাহসী অভিযানে শতাধিক জঙ্গি খতম হয়, যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপসহীন অবস্থান ও দৃঢ় মনোভাবকে বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দিয়েছে।