৩৫ বছর পর অবশেষে জালে ১৯৯১ সালের জম্মু স্টেশন বোমা বিস্ফোরণের মূল অভিযুক্ত!

দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গ্রেপ্তার হয়েছে ১৯৯১ সালের ভয়াবহ জম্মু রেলওয়ে স্টেশন বোমা বিস্ফোরণ মামলার শেষ পলাতক তথা মূল অভিযুক্ত আলতাফ হুসেন শেখ। চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ থেকে তাকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। অনন্তনাগের মারহামা-বিজবেহাড়ার বাসিন্দা আলতাফ এতদিন নিজের আসল পরিচয় গোপন করে এক সাধারণ ব্যবসায়ীর ছদ্মবেশে বসবাস করছিল। ১৯৯১ সালের ২ এপ্রিল জম্মু রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে সংঘটিত ওই শক্তিশালী বিস্ফোরণে দুই আধাসামরিক বাহিনীর জওয়ান এবং এক সাধারণ নাগরিক নিহত হয়েছিলেন, পাশাপাশি আহত হন অন্তত ১৮ জন।
প্রাথমিক তদন্তে একজনের গ্রেপ্তার সম্ভব হলেও আলতাফসহ বাকি অভিযুক্তরা গা ঢাকা দেয় এবং আদালত তাদের প্রোক্লেমড অফেন্ডার ঘোষণা করে। তবে হাল ছাড়েনি গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ। দুই বছর আগে শুরু হওয়া বিশেষ অভিযানের মাধ্যমে তার পরিচয় ও রেসিডেন্সিয়াল রেকর্ডের সূক্ষ্ম অনুসন্ধান চালিয়ে বিজবেহাড়া থেকে তাকে পাকড়াও করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে কঠোর ‘টাডা’ আইনে মামলা রুজু করা হয়েছে। জিআরপির এক শীর্ষ আধিকারিক জানান, বিচার মিলতে দেরি হতে পারে, কিন্তু আইনের হাত থেকে অপরাধী কখনই রেহাই পায় না।