ঝাড়গ্রাম মেডিকেলে আধার কার্ড বাধ্যতামূলক! হঠাৎ ঘোষণায় চরম বিভ্রান্তি

ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর এবং ইনডোর বিভাগে চিকিৎসা পরিষেবা পেতে এবার থেকে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার হঠাৎ করেই হাসপাতাল চত্বরে মাইকে এই নতুন নিয়ম ঘোষণা করা হলে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও চরম বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। আগাম কোনো লিখিত নোটিশ বা প্রচার না থাকায় দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ চরম বিপাকে পড়েন এবং ক্ষোভ প্রকাশ করেন। তবে তীব্র অসন্তোষের মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি জানিয়ে দেয় যে, এদিনের মতো আধার কার্ড ছাড়াই রোগীদের নাম নথিভুক্ত করা হবে, তবে আগামী রবিবার থেকে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে।
হঠাৎ এমন ঘোষণায় চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ চারিদিকে ছোটাছুটি শুরু করেন। পরবর্তীতে হাসপাতালের এমএসভিপি অনুরূপ পাখিরা সংবাদমাধ্যমকে স্পষ্ট করে জানান যে, সমস্ত বিভাগেই আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। তবে যাঁদের এই কার্ড নেই, তাঁরা ভোটার কার্ড বা অন্য কোনো সরকারি নথিপত্র দেখিয়েও নিয়মিত চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবেন। নিয়মের এই কড়াকড়ির ফলে ভবিষ্যতে হয়রানি এড়াতে সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।