অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে পুলিশের ম্যারাথন তল্লাশি! টুলু কাণ্ডে উদ্ধার নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি

টুলু মণ্ডল কাণ্ডের তদন্তে এবার চাঞ্চল্যকর মোড়। বীরভূম জেলা পুলিশের নজরে থাকা অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সেহগাল হোসেনের বোলপুর বাইপাস সংলগ্ন আবাসনে আচমকা হানা দিল পুলিশ। শুক্রবার গভীর রাতে বোলপুর থানার পুলিশ এবং এসডিপিও অর্পিত আর পারাখের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টুলু মণ্ডলের সঙ্গে সেহগাল হোসেনের দীর্ঘদিনের যোগাযোগ এবং একাধিক সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য হাতে আসতেই এই পদক্ষেপ করা হয়েছে।
দীর্ঘক্ষণ ধরে চলা এই আকস্মিক তল্লাশি অভিযানে সেহগালের আবাসন থেকে নগদ টাকা ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, উদ্ধার হওয়া টাকার সঠিক পরিমাণ গণনা করার জন্য ঘটনাস্থলে বিশেষ মেশিনও নিয়ে আসা হয়। অন্যদিকে, এই একই তদন্তের স্বার্থে টুলু মণ্ডলের শ্যালক মিঠু শেখের খাসপাড়ার বাড়ি ছাড়াও তাঁর শ্বশুরবাড়িতেও পুলিশ হানা দিয়েছে বলে জানা গিয়েছে।