পরকীয়ার বাধা! সন্তানদের সামনেই স্ত্রীকে চিলেকোঠায় ঝুলিয়ে দিল স্বামী ও প্রেমিকা

পরকীয়ার বাধা! সন্তানদের সামনেই স্ত্রীকে চিলেকোঠায় ঝুলিয়ে দিল স্বামী ও প্রেমিকা

ভরতপুর: পরকীয়ায় বাধা দেওয়ার চরম মাশুল গুনতে হলো এক চার সন্তানের জননীকে। সন্তানদের চোখের সামনেই স্ত্রীকে পিটিয়ে চিলেকোঠার সঙ্গে ঝুলিয়ে হত্যা করার অভিযোগ উঠল স্বামী ও তার প্রেমিকার বিরুদ্ধে। শুক্রবার রাতে মুর্শিদাবাদের ভরতপুর থানার সৈয়দকুলুট গ্রামে ঘটেছে এই নৃশংস ও হাড়হিম ঘটনাটি।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত গৃহবধূর নাম নূরবানু বিবি (৩৯)। প্রায় দশ বছর আগে সৈয়দকুলুট গ্রামের ফিরোজ শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের চারটি সন্তান রয়েছে। স্বজনদের অভিযোগ, বিয়ের কয়েক বছর পর থেকেই পাশের গ্রামের এক যুবতীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে ফিরোজ। স্ত্রীর বারণ ও প্রতিবাদ সত্ত্বেও ফিরোজ তাতে কান দেয়নি, ফলে সংসার চলছিল নিত্যদিনের অশান্তির মধ্যে।

শুক্রবার রাতে এই পরকীয়া নিয়ে দম্পতির বচসা চরমে ওঠে। মৃতার এক মেয়ের বয়ান অনুযায়ী, ঝগড়ার পর ফিরোজ বাড়ি থেকে বেরিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই প্রেমিকাকে সাথে নিয়ে ফিরে আসে। এরপর সন্তানদের চোখের সামনেই স্ত্রীকে বেধড়ক মারধর করে এবং প্রেমিকার সহায়তায় চিলেকোঠায় ঝুলিয়ে দেয়।

সন্তানদের চিৎকার ও কান্নাকাটিতে প্রতিবেশীরা ছুটে আসেন এবং ভরতপুর থানায় খবর দেন। পুলিশ নূরবানু বিবিকে উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। মায়ের হন্তারক বাবা ও তার প্রেমিকার কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে তাঁদের সন্তানরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *