স্বাধীনতা দিবসে আশুতোষ কলেজে নেত্রীকে লক্ষ্য করে ‘ডিম থেরাপি’! মুখ খুলে কী চাঞ্চল্যকর দাবি করল এবিভিপি?

স্বাধীনতা দিবসের সকালে দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজে জাতীয় পতাকা তুলতে গিয়ে নজিরবিহীন জনরোষের মুখে পড়লেন তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী। কলেজের বৈধ পরিচয়পত্র না থাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা তাঁদের ভেতরে ঢুকতে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় আচমকাই উপাসনাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। রাজ্যে একের পর এক শাসকদলের নেতাদের ওপর এই ‘ডিম থেরাপি’র ঘটনায় তীব্র আলোড়ন তৈরি হতেই প্রতিক্রিয়া দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।
রাজ্যে ক্রমাগত ঘটতে থাকা এই ঘটনার পর এই প্রথমবার মুখ খুলল এবিভিপি। সংগঠনের কেন্দ্রীয় সদস্য শুভব্রত অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই ঘটনার সঙ্গে এবিভিপির কোনো সম্পৃক্ততা নেই এবং তাঁরা এই ধরনের কাজ সমর্থন করেন না। তাঁর দাবি, সাধারণ ছাত্রীদের জমে থাকা ক্ষোভ থেকেই এটি ঘটেছে। পাশাপাশি উপাসনা চৌধুরীর বিরুদ্ধে সুর চড়িয়ে এবিভিপি অভিযোগ করেছে, শুধুমাত্র খবরে থাকার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের নাটকীয় চিত্রনাট্য তৈরি করা হয়েছে।