স্বাস্থ্যসাথী বন্ধের ভুয়ো গুঞ্জন উড়িয়ে বিরাট ঘোষণা! রাজ্যে একসাথে ৩টি মেগা হেলথ স্কিম, কারা পাবেন বছরে ৫ লক্ষ টাকার সুযোগ?

১৬ অগাস্ট রবিবার থেকে রাজ্যে কার্যকর হচ্ছে নতুন তিনটি চিকিৎসা স্কিম। এতদিন চলতে থাকা ‘স্বাস্থ্যসাথী’ আপাতত বন্ধ হচ্ছে না বলে নিশ্চিত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। আগামী ২-৩ মাস পর পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যাঁরা কেন্দ্রীয় আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত হবেন, তাঁদের সুরক্ষা দিতে একই দিনে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’। এর মাধ্যমে প্রায় ৮০ লক্ষ পরিবার প্রতি বছর পরিবারপিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসার সুযোগ পাবেন।
কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় দেড় কোটি পরিবারের প্রায় ৬ কোটি নাগরিক এই সুফল উপভোগ করতে পারবেন, যেখানে ৭০ বছর বা তার বেশি বয়সি সমস্ত প্রবীণ নাগরিক যোগ্য বলে বিবেচিত হবেন। দেশের যেকোনো প্রান্তে সরকারি ও নির্দেশিত ১৩০০টি বেসরকারি এবং ৭০০টি সরকারি হাসপাতালে এই সুবিধা মিলবে। ভর্তি হওয়ার ৩ দিন আগের থেকে শুরু করে ছাড়া পাওয়ার ১৫ দিন পরের আনুষঙ্গিক সমস্ত খরচ এর অন্তর্ভুক্ত। এই স্কিমের আওতায় পরিবারের প্রতিটি সদস্যের নিজস্ব কার্ড থাকা বাধ্যতামূলক এবং আধার কার্ডের সাহায্যে তাৎক্ষণিক ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করে রোগীরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবেন।