মারধর, শ্বাসরোধের পর আত্মহত্যা! স্ত্রীকে খুনের পর মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?

বেঙ্গালুরুর লাগ্গেরে এলাকায় ঘর থেকে এক দম্পতির নিথর দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সুমন্ত জৈন ও পদ্মাবতী। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার সুমন্ত তাঁর সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্ত্রী পদ্মাবতীর সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকতেন। পুলিশি প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাড়ির মালিকানা নিয়ে বচসার জেরে এই চরম পরিণতি। অশান্তির সময় সুমন্ত তাঁর স্ত্রীকে মুখে আঘাত করেন এবং পরবর্তীতে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ।
ঘটনার পর রাত দেড়টা নাগাদ সুমন্ত তাঁর মাকে একটি ইঙ্গিতপূর্ণ ভয়েস মেসেজ পাঠান। বার্তাটি পাওয়ার পরেই তাঁর মা বাড়ির মালিককে বিষয়টি জানান। কিন্তু পুলিশ ও প্রতিবেশীরা এসে পৌঁছালে দেখা যায়, সুমন্ত হলের সিলিং ফ্যানে ঝুলছেন এবং পাশে স্ত্রীর দেহ পড়ে রয়েছে। ঘটনাটি নিশ্চিত করে রাজাগোপাল নগর থানার পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং পুরো পরিস্থিতির বিস্তারিত তদন্ত শুরু করেছে।