টাকার পাহাড় ও ৮০০ গ্রাম সোনা উদ্ধার! পুলিশি জালে অনুব্রত-ঘনিষ্ঠ সায়গল হোসেন

টাকার পাহাড় ও ৮০০ গ্রাম সোনা উদ্ধার! পুলিশি জালে অনুব্রত-ঘনিষ্ঠ সায়গল হোসেন

বোলপুরে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে দীর্ঘ তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, সোনা ও একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে রাজ্য পুলিশ। গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল থেকে বোলপুরের রবীন্দ্রবীথি বাইপাস সংলগ্ন সায়গলের ফ্ল্যাটে তল্লাশি শুরু হয়। সায়গলের উপস্থিতিতেই ঘণ্টার পর ঘণ্টা চলে জেরা ও তল্লাশি। সেখান থেকে প্রায় ১৩ লক্ষ টাকা, ৮০০ গ্রাম সোনা, ১৫০টিরও বেশি জমির দলিল এবং আরব ও পাকিস্তানের মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের দাবি, জেরায় সায়গলের বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে এবং হিসাব-বহির্ভূত সম্পত্তির সন্তোষজনক উত্তর তিনি দিতে পারেননি। এরপর রাত তিনটের পর তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, জেলায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাথর ও বালি মাফিয়া টুলু মণ্ডলকে সাহায্য করতেন সায়গল। ফ্ল্যাট থেকে মেলা বিপুল সম্পত্তি ও নথির পেছনে টুলুর কোনো আর্থিক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আজ ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে আরও জেরা করতে চায় পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *