রাজসাক্ষী হওয়ার আরজি খারিজের আগেই নামল খাঁড়া, কোটি টাকার প্রতারণায় নাম জড়াল জয় কামদারের!

জমি সংক্রান্ত জালিয়াতি মামলায় স্বস্তি তো মেলেইনি, উল্টে রাজসাক্ষী হওয়ার আবেদনের মাঝেই ফের নতুন আইনি জালে জড়ালেন বিতর্কিত ব্যবসায়ী জয় কামদার। রাজসাক্ষী হওয়ার আরজি বিবেচনাধীন থাকা অবস্থাতেই তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার শেয়ার প্রতারণা ও বিশ্বাসঘাতকতার নতুন অভিযোগ সামনে এসেছে।
অভিযুক্ত পুলিশ আধিকারিক শান্তনু সিনহার ঘনিষ্ঠ হিসেবে আগেই খবরের শিরোনামে এসেছিলেন জয় কামদার। তবে এবার তাঁর ও তাঁর ভাই তুষার কামদারের বিরুদ্ধে আবাসন প্রকল্পে শেয়ারহোল্ডার বানিয়ে বড়সড় প্রতারণার লিখিত অভিযোগ জমা পড়েছে।
অভিযোগ সূত্রের খবর, কলকাতার অশ্বিনী দত্ত রোডের বাসিন্দা জয় ও তুষার কামদার এক ব্যক্তির সঙ্গে চুক্তি করেছিলেন যে, নেপাল ভট্টাচার্য স্ট্রিটের একটি মূল্যবান জমি আবাসন প্রকল্পের জন্য বন্দোবস্ত করে দিলে প্রকল্পের মোট লাভের ২৫ শতাংশ তাঁকে দেওয়া হবে। কথামতো অভিযোগকারী জমির বন্দোবস্ত করে দেন এবং লিখিত চুক্তির ভিত্তিতে কাজ সম্পন্ন হয়। কিন্তু অভিযোগ, কাজ শেষ হতেই চুক্তির শর্ত সম্পূর্ণ অস্বীকার করে অভিযুক্ত দুই ভাই। ওই ব্যক্তিকে সামান্য কিছু টাকা দিয়ে বিদেয় করার চেষ্টা করা হয় এবং প্রতারণার মাধ্যমে কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়।
জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী পুলিশের দ্বারস্থ হন। বর্তমানে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (ইডি) কাছে সম্প্রতি রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জয়। সেই আর্জি ইডি ও বিচার ব্যবস্থার বিবেচনায় থাকলেও, নতুন এই অপরাধের অভিযোগ তাঁর আইনি সঙ্কটকে বহুগুণ বাড়িয়ে দিল।