জেল থেকে ছক, রাস্তায় নৃশংস খুন: নদিয়ায় বাবা-ছেলে হত্যাকাণ্ডে গ্রেফতার তৃণমূল প্রধান

নদিয়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর পুত্র আবু সুফিয়ানকে পথ আটকে নৃশংসভাবে খুনের ঘটনায় তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, গত শনিবার রাতে চারচাকার গাড়িতে বাড়ি ফেরার পথে বেথুয়াডহরি রেলগেটের কাছে তাঁদের পথ আটকায় একদল দুষ্কৃতী।
অভিযোগ, প্রথমে তাঁদের গাড়ি লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। এরপর তাঁদের গাড়ি থেকে টেনে বের করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বাবা ও ছেলে উভয়েরই মৃত্যু হয়।
রবিবার সকালে পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে নদিয়ার হরনগর পঞ্চায়েতের তৃণমূল প্রধান ফতেমা বিবি এবং তাঁর দুই সহযোগী সাহেব আলি মণ্ডল ও মিঠুন শেখকে গ্রেফতার করে। ফতেমা বিবির স্বামী জুব্বার শেখ এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা এবং তিনি বর্তমানে জেলবন্দি। নিহতের পরিবারের দাবি, বিধানসভা নির্বাচনের পর থেকে এলাকায় আনিসুরদের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছিল, যার ফলে জুব্বারের গোষ্ঠী কোণঠাসা হয়ে পড়ে। পরিবারের অভিযোগ, জুব্বার জেলে বসেই পুরো হত্যাকাণ্ডের ছক কষেছিলেন এবং তাঁর নির্দেশেই তাঁর সহযোগীরা এই খুন সংগঠিত করেছে।
এই ঘটনার জেরে রাজ্য রাজনীতিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানান এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে রাজ্যজুড়ে ‘কালাদিবস’ পালনের ডাক দিয়েছেন। ধৃত তিনজনকে ডাক্তারি পরীক্ষার পর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।