রাম মন্দিরে কড়া পোশাকবিধি: হলুদ রেশমি পোশাক ও চুল-দাড়ি কামানো বাধ্যতামূলক!

রাম মন্দিরে কড়া পোশাকবিধি: হলুদ রেশমি পোশাক ও চুল-দাড়ি কামানো বাধ্যতামূলক!

অযোধ্যা: অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরের পুরোহিতদের জন্য এবার চালু হলো কঠোর পোশাকবিধি ও শৃঙ্খলা সংক্রান্ত নতুন নিয়মাবলী। গত ১৫ই আগস্ট (শনিবার) থেকেই নতুন পোশাক পরিধান করে পুরোহিতরা প্রভু রামলালার পুজো ও সেবা শুরু করেছেন।

মন্দির ট্রাস্টের নির্দেশিকা অনুযায়ী, রামানন্দী পরম্পরা অনুসরণ করে এখন থেকে পুরোহিতদের হালকা হলুদ রঙের রেশমের ধুতি ও উত্তরীয় পরা বাধ্যতামূলক করা হয়েছে। মন্দির ট্রাস্টের ধর্মীয় কমিটির সদস্য মিথিলেশ নন্দিনী শরণ জানিয়েছেন, হালকা হলুদ রঙ প্রভু শ্রী রামের অত্যন্ত প্রিয়, তাই এই রঙের পোশাক বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে, কমিটির অপর সদস্য মহন্ত রাজকুমার দাস জানান, রেশমি বস্ত্রের পবিত্রতা ও ধর্মীয় শুদ্ধতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

শুধু পোশাকই নয়, পুরোহিতদের সাজগোজের (গ্রুমিং) ক্ষেত্রেও কড়া নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। পুরোহিতদের হয় প্রাচীন ‘পঞ্চকেশ’ পরম্পরা মেনে চলতে হবে, নতুবা সম্পূর্ণভাবে চুল ও দাড়ি কামিয়ে ফেলতে হবে। কোনোভাবেই অগোছালো বা আংশিক চুল-দাড়ি রাখা যাবে না। পাশাপাশি, সব পুরোহিতের কপালে ঐতিহ্যবাহী ‘রামানন্দী তিলক’ লাগানো বাধ্যতামূলক করা হয়েছে।

মন্দির কর্তৃপক্ষের মতে, পুজোয় কঠোর শৃঙ্খলা, ঐক্য এবং ধর্মীয় মর্যাদা বজায় রাখতেই এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে, যা মন্দিরে এক নতুন আধ্যাত্মিক আবহ তৈরি করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *