নেতাজির নামেই ফিরে এল রামপুরহাটের রাস্তা, বিতর্ক এড়াতে শ্যামাপ্রসাদের বোর্ড সরিয়ে নিল বিজেপি!

বীরভূমের রামপুরহাটে ৩৭ দিনের মাথায় আবারও বদলে গেল একটি দীর্ঘ রাস্তার নাম। গত ৬ জুলাই বিজেপির এক কর্মসূচিতে বহুকাল ধরে ‘নেতাজি সুভাষ রোড’ নামে পরিচিত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটির নাম বদলে জনসংঘের প্রতিষ্ঠাতা ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড’ রাখা হয়েছিল।
তবে এই নাম পরিবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড় ওঠে। স্বাধীনতা সংগ্রাহক ও জাতীয় নায়ক নেতাজির নাম সরিয়ে দেওয়ার ঘটনাকে বিরোধী দলগুলো নেতাজির প্রতি অপমান বলে আখ্যা দেয়। এমনকি বিজেপি নেতৃত্বের একাংশও স্বীকার করেন যে, নেতাজির নামে থাকা রাস্তার নাম পরিবর্তন করা যুক্তিসঙ্গত হয়নি।
বিতর্কের মুখে পড়ে রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা স্বীকার করেন যে, রাস্তাটি আগে নেতাজির নামে ছিল তা তাঁদের জানা ছিল না। কোনো বিতর্ক না রেখে ভুল সংশোধনের লক্ষ্যে বিধায়কের নির্দেশে শুক্রবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গেরুয়া বোর্ডটি সরিয়ে দেওয়া হয়। এর পরপরই রামপুরহাট পুরসভা সেখানে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু রোড’ লেখা নতুন হলুদ বোর্ড বসিয়ে দেয়।
পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত জানান, নেতাজি বা অন্য কোনো মনীষীর নামাঙ্কিত রাস্তার নাম পরিবর্তন করা হবে না। অন্যদিকে বিজেপি বিধায়ক জানান, বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা শীঘ্রই শহরের অন্য একটি নামহীন রাস্তার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে রাখার উদ্যোগ নেবেন।