আজ পবিত্র নাগপঞ্চমী: ১২ নাগদেবতার কৃপা পেতে কী কী নিবেদন করবেন? জানুন সম্পূর্ণ পুজো পদ্ধতি
August 17, 20268:07 am

হিন্দু ধর্মে নাগপঞ্চমীর তিথি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শাস্ত্র মতে, পঞ্চমী তিথির প্রধান অধিদেবতা স্বয়ং নাগরাজ। শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই বিশেষ দিনে নাগদেবতা ও দেবী মনসার আরাধনা করলে অশুভ শক্তির হাত থেকে রক্ষা মেলে এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, দেবী মনসার হস্তক্ষেপে এই দিনেই মহাভারতের ‘সর্পসত্র’ যজ্ঞের অবসান ঘটেছিল।
২০২৬ নাগপঞ্চমীর শুভ সময়সূচি
- পঞ্চমী তিথি শুরু: ১৬ আগস্ট, বিকেল ৪:৫২ মিনিট
- পঞ্চমী তিথি সমাপ্তি: ১৭ আগস্ট, বিকেল ৫:০০ টা
- উদয়কাল অনুযায়ী ব্রত পালন: ১৭ আগস্ট
- পূজার শুভ সময়: ১৭ আগস্ট, সকাল ৫:৫১ মিনিট থেকে সকাল ৮:২৯ মিনিট পর্যন্ত
দ্বাদশ নাগদেবতার পুজো এই পবিত্র তিথিতে মূলত ১২ জন নাগদেবতার আরাধনা করা হয়— অনন্ত, বাসুকী, শেষ, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কারকোটক, কালিয়া, অশ্বতর, বলভদ্র, শঙ্খপাল এবং ধৃতরাষ্ট্র।
সহজ পূজাবিধি ও নিয়ম
- প্রস্তুতি: সকালে স্নান সেরে গঙ্গাজল ছড়িয়ে পূজার স্থান পবিত্র করুন। মাটি, গোবর বা আটা দিয়ে নাগদেবতার রূপ তৈরি করতে পারেন অথবা ছবি/প্রতিমা স্থাপন করতে পারেন।
- অভিষেক ও উপচার: গঙ্গাজল, দুধ, ঘি ও চন্দন দিয়ে দেবতার অভিষেক করান। এরপর জবা ফুল, দূর্বা, হলুদ, চন্দন, অক্ষত (চাল) ও চেলি অর্পণ করুন।
- ভোগ নিবেদন: নাগদেবতার অত্যন্ত প্রিয় ভোগ দুধ ও কলা অবশ্যই নিবেদন করুন। পাশাপাশি ক্ষীর, ফল ও নানা ধরনের মিষ্টি দেওয়া যেতে পারে।
- শিব পূজা ও জপ: ধূপ-দীপ জ্বেলে নাগমন্ত্র জপ করুন। শিবলিঙ্গে জলাভিষেক করা এবং রুপোর নাগ-নাগিনী জোড়া নিবেদন করা অত্যন্ত শুভ বলে গণ্য হয়।
- আহার সংযম: এই দিনটিতে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা উচিত।
নাগপঞ্চমীর ব্রতফল এই ব্রত পালনে কোষ্ঠীতে থাকা কালসর্প দোষের প্রভাব দূর হয়। পরিবারে সুখ-শান্তি বজায় থাকে, গৃহবিবাদ মেটে এবং সব ধরনের অশুভ দৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়।