শান্তিপুরে মাটি খুঁড়তেই উদ্ধার শিকলে বাঁধা রহস্যময় সিন্দুক! ভিতরে কী ছিল?

নদিয়ার শান্তিপুর ব্লক অফিস চত্বরে একটি পরিত্যক্ত ভবন সংস্কারের সময় মাটি খুঁড়তে গিয়ে হদিশ মেলে একটি বিশাল লোহার সিন্দুকের। ভারী শিকলে মোড়ানো এবং সিন্দুকের চারপাশে সাপের উপস্থিতি টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন কর্মরত শ্রমিকরা। মুহূর্তের মধ্যে এই চাঞ্চল্যকর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র কৌতূহলের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন শান্তিপুরের বিডিও সব্যসাচী রায়সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতে ও বনদপ্তরের সহায়তায় শুরু হয় সিন্দুক উদ্ধারের তৎপরতা।
দীর্ঘ চেষ্টার পর মাটি খুঁড়ে সিন্দুকটি সম্পূর্ণভাবে উদ্ধার করে খোলার পরই সমস্ত জল্পনার অবসান ঘটে। বিশাল আকৃতির ওই সিন্দুকের ভেতর থেকে মূল্যবান কোনো সামগ্রী নয়, কেবল মাটি এবং কয়েকটি প্রাচীন ছেঁড়া কাগজ উদ্ধার হয়। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তী জানান, বহু পুরনো ওই ভবনটিতে একসময় জিনিসপত্র রাখার কাজে এটি ব্যবহৃত হতো। আকস্মিক এই ঘটনায় কিছুক্ষণের জন্য চরম উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত সব রহস্যের অবসান ঘটে।