বৃষ্টির চোখরাঙানি তুচ্ছ করে জনস্রোত! হাওড়ায় ঐতিহ্যবাহী রামরাজার বিসর্জনে উপচে পড়া ভিড়

বৃষ্টির চোখরাঙানি তুচ্ছ করে জনস্রোত! হাওড়ায় ঐতিহ্যবাহী রামরাজার বিসর্জনে উপচে পড়া ভিড়

সকাল থেকেই দফায় দফায় বৃষ্টির ভ্রূকুটি উপেক্ষা করে শ্রাবণের শেষ রবিবার উৎসবের আমেজে ভাসল মধ্য হাওড়া। প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী রামরাজার বিসর্জনের শোভাযাত্রায় অংশ নিতে রামরাজাতলা থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত কয়েক কিলোমিটার পথ জুড়ে নামে মানুষের জনস্রোত। বৃষ্টির কারণে প্রতিমা স্বচ্ছ প্লাস্টিকে ঢাকা থাকলেও ভক্তদের উদ্দীপনা ছিল তুঙ্গে। ইছাপুরের দেবী সৌম্যচণ্ডী ও বাকসাড়ার নবনারীর বিগ্রহের সঙ্গে মূল রামরাজার শোভাযাত্রাটি নির্দিষ্ট রুট ধরে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যায়।

বিপুল এই জনসমাগম ও যানজট নিয়ন্ত্রণে আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল হাওড়া সিটি পুলিশ। একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি ড্রোন দিয়ে চালানো হয় নজরদারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী উমেশ রাই ও বিধায়ক রুদ্রনীল ঘোষ। ১৭৫০ সাল নাগাদ শুরু হওয়া ২৬ ফুট উচ্চতার রাজবেশী এই রামরাজার বিসর্জনকে কেন্দ্র করে হাওড়ার রাজপথ এদিন এক অভূতপূর্ব ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের সাক্ষী থাকল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *