সোশ্যাল মিডিয়ায় দেদার শিশু নিগ্রহের কনটেন্ট! কেন্দ্রের বিরুদ্ধে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের

সোশ্যাল মিডিয়ায় পকসো আইন লঙ্ঘন করে অবাধে শিশু নিগ্রহের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে এবার কেন্দ্রের কাছে কঠোর জবাব তলব করল সুপ্রিম কোর্ট। অভিযোগ উঠে এসেছে, এই ধরনের সংবেদনশীল আইনি অপরাধের তথ্য ভারতীয় পুলিশকে না জানিয়ে অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থাকে পাঠাচ্ছে। ভারতের আইনি বিধিতে বলা হয়েছে, শিশুদের প্রতি যৌন অপরাধ বা নিগ্রহের বিষয়ে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে রিপোর্ট করা বাধ্যতামূলক। কিন্তু এই নিয়ম উপেক্ষিত হওয়ায় আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি এবং আইন ও বিচার মন্ত্রককে পূর্ণাঙ্গ হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
আদালতে দায়ের করা আবেদনে শিশু নিগ্রহ সংক্রান্ত বিজ্ঞাপনের বিষয়েও চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে যে সমস্ত বিদেশি বা দেশি ডিজিটাল প্ল্যাটফর্ম এই অপরাধ দমন করতে ব্যর্থ হচ্ছে বা আইনি পদক্ষেপ এড়িয়ে চলছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ফৌজদারি ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। এছাড়া বিষয়টির স্থায়ী সমাধানের লক্ষ্যে একটি কেন্দ্রীয় রিপোর্টিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে, যেখানে সংগৃহীত ডিজিটাল তথ্য-প্রমাণ ভারতীয় তদন্তকারীরা খতিয়ে দেখার সুযোগ পাবেন। পুরো প্রক্রিয়াটি যেন দ্রুত ও সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তার জন্য একটি নির্দিষ্ট সমন্বিত কার্যপ্রণালী তৈরির সুপারিশ করা হয়েছে।